চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

বিশেষ প্রতিনিধি: মোটরসাইকেলে চেপে ঘুরে বেড়ানোর ছলে মাদক পাচারের অভিনব কৌশল গ্রহণ করা এক চক্রের ছয় সদস্যকে এক লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজ জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কক্সবাজারের রামুর বাসিন্দা মো. বশির, মো. সাইফুল, মো. হাসান, মো. হোসেন, কক্সবাজার সদরের বেলাল উদ্দিন এবং ঈদগাঁও এলাকার নুরুল মোস্তফা।

র‍্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মোটরসাইকেলের বহর নিয়ে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে পটিয়ায় তল্লাশি চৌকি বসায় আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন পাঁচটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে বাইকের বক্সে রাখা ব্যাগের ভেতর বিশেষ কায়দায় টেপ প্যাঁচানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা মূলত পর্যটক কিংবা ভ্রমণকারীর বেশ ধরে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেলে ইয়াবা চোরাচালান করে আসছিল। জব্দকৃত ইয়াবা ও পাঁচটি মোটরসাইকেলসহ তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন