শিক্ষামন্ত্রীর উদ্যোগে বুয়েটে হবে আবরার ফাহাদ হল

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর উদ্যোগে বুয়েটে হবে আবরার ফাহাদ হল
ফাইল ছবি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর বিশেষ উদ্যোগে শহীদ আবরার ফাহাদের নামে নতুন ছাত্রাবাস নির্মাণ করা হবে।

আজ শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক (অরিয়েন্টেশন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের যদি থাকারই সুনির্দিষ্ট জায়গা না থাকে তাহলে তারা শান্তিমতো পড়াশোনা করবে কীভাবে? আমি আবরার ফাহাদের স্মরণে ও নামে বুয়েটে একটি আধুনিক হল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানাবো এবং এই উদ্যোগ বাস্তবায়ন করব।”

শিক্ষামন্ত্রী আরও জানান, বুয়েট শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা দ্রুত নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং ঢাকার পূর্বাচলে বুয়েটের একটি ‘সেকেন্ড ক্যাম্পাস’ করার পরিকল্পনাও সরকারের রয়েছে। নতুন প্রজন্ম যেন মেধার মাধ্যমে জাতি গঠনে সর্বোচ্চ অবদান রাখতে পারে, সরকার সেই পরিবেশ সৃষ্টি করছে। বুয়েটের গ্র্যাজুয়েটদের আউটপুট ও মেধার প্রশংসা করে মন্ত্রী বলেন, “আমার অফিসের সচিব বুয়েটের, এসপি বুয়েটের, যেখানে যাই সেখানেই বুয়েটের কৃতি শিক্ষার্থীদের দায়িত্বশীল পদে দেখি। আমি সত্যিই আনন্দিত যে বুয়েট আজ শিক্ষা मंत्रालयকে এই অনুষ্ঠানে আহ্বান জানিয়েছে।”

দেশের উচ্চশিক্ষা খাতের সেশনজট ও সময় অপচয় প্রসঙ্গে আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আমাদের দেশে মেধা অবারিত রয়েছে, তবে জনসংখ্যাও বাড়ছে। আমরা কেন আমাদের শিক্ষার্থীদের চার বছরের কোর্স সম্পন্ন করতে পাঁচ বছর লাগাবো? শুধু সেশনজট ও পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যায়। আবার কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও নিজেদের ইচ্ছেমতো শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান বছর নষ্ট করছে। আমরা এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছি।”

তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, আর যেন কোনো শিক্ষার্থীর জীবন থেকে মূল্যবান একাডেমিক বছর নষ্ট না হয়। বর্তমানে শিক্ষার্থীদের জীবন থেকে এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পর্যায় মিলিয়ে মোট তিনটি বছর নষ্ট হচ্ছে। আমরা শিক্ষাঙ্গনে আর কোনো সেশনজট দেখতে চাই না, আমরা আর কোনো রক্তক্ষয়ী ‘৩৬ জুলাই’ দেখতে চাই না। আসুন, সবাই মিলে একটি মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ি।

মন্তব্য করুন