মাদক ব্যবসায়ী সাজিয়ে অপপ্রচারের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
মাদক ব্যবসায়ী সাজিয়ে অপপ্রচারের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার খিরাচর কাদির জঙ্গল এলাকার মো. আবু হানিফ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খিরাচর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হানিফ অভিযোগ করেন, সম্প্রতি ফেসবুকসহ কয়েকটি অনলাইন মাধ্যমে তাঁকে জড়িয়ে মাদক ব্যবসা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। মূলত সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি জানান, কাদির জঙ্গল ইউনিয়নের খিরাচর গ্রামের বাসিন্দা তাঁর চাচা হাবিবুর রহমানের সঙ্গে প্রতিবেশী মো. লাল মিয়ার বিরোধের জেরে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৭ আগস্ট কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির সূত্র ধরে গত ১ সেপ্টেম্বর পুলিশ লাল মিয়াকে গ্রেপ্তার করে।

আবু হানিফের দাবি, গ্রেপ্তারকৃতকে বাঁচাতে এবং মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে মাদক ব্যবসায়ী হিসেবে প্রচার শুরু করে। এমনকি তাঁকে জোরপূর্বক আটকে রেখে মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আবু হানিফ বলেন, “আমি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি।” এ সময় তিনি সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন