হুমকি না দিয়ে সমাধানের পথ দেখান: রিজভী

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
হুমকি না দিয়ে সমাধানের পথ দেখান: রিজভী

সকালবেলা অনলাইন: গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সরকারকে বিকল্প ও সুনির্দিষ্ট পথ দেখানোর জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দিন, আমরা কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে এবং কীভাবে তা পাব।” তিনি জাতীয় সংসদে এসে এই সংকট সমাধানে গঠনমূলক ও স্পষ্ট পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, বর্তমান সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার ফল। বৈশ্বিক অস্থিরতা ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে, যা আমদানিতে সাময়িক সমস্যা সৃষ্টি করছে। তাই এ পরিস্থিতি সরকারের একক কোনো ভুলের কারণে ঘটেনি।

সংকটকালে দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়ে রিজভী বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন গণতন্ত্রের অংশ হলেও পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা সমীচীন নয়। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, গান ও নৃত্যসহ বিভিন্ন শিল্পকর্ম আন্দোলনকারীদের ভেতর নতুন উদ্যম ও সাহসের সঞ্চার করেছিল।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে। আলোচনা সভা শেষে সংস্থার নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন