বাবার ট্রাকেই ছেলের মৃত্যু, ফেনীতে নিহত ২

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
বাবার ট্রাকেই ছেলের মৃত্যু, ফেনীতে নিহত ২

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চালকের কিশোর ছেলে (হেলপার) ও এক পথচারীর নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। 

আজ বুধবার (২৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্প সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের ভূজপুর থানার সিকদার খিল গ্রামের ট্রাকচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫)। সে বাবার গাড়িতেই হেলপারের কাজ করত। অন্য নিহত ব্যক্তি হলেন ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে পথচারী মীর হোসেন (৪৫)। এই দুর্ঘটনায় ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার ভ্যানচালক মো. মোস্তফার ছেলে মো. সুমন (৪৫) আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোহার রড বা ভারী পণ্যবোঝাই ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের স্টারলাইন পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক সিদ্দিকুর রহমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। একই গতিতে ট্রাকটি সামনে থাকা একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির বাম পাশের অংশ (যেখানে হেলপার বসে) সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় ট্রাকের হেলপার আহসানুল ইসলাম, পথচারী মীর হোসেন ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ও মীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সুমন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “অনুসন্ধানে জানা গেছে নিহত হেলপার আহসানুলের বাবাই ছিল ওই ট্রাকটির চালক। নিজের চোখের সামনে ছেলের এমন করুণ মৃত্যু ও দুর্ঘটনার পর থেকে তাকে আর পাওয়া যায়নি। লোকমুখে জানতে পেরেছি দুর্ঘটনায় চালক নিজেও আহত হয়েছেন। চালক সিদ্দিকুর রহমানকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন