সোনারগাঁওয়ে ব্লক রেডে ২৯ আসামি গ্রেপ্তার
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও-নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'ব্লক রেড' চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মোট ২৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চুরি এবং পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামি রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন অপরাধপ্রবণ ও সম্ভাব্য আস্তানায় পুলিশ একাধিক চৌকস দল নিয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় মীর মাহফুজ হোসেন, সৌরভ চন্দ্র সরকার, আলভী মোল্লাসহ মোট ২৪ জন মাদকসেবী ও ব্যবসায়ী রয়েছে। এছাড়া চুরি মামলায় মোঃ আরিফ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি সাকিব ও মোঃ মানিক মিয়াসহ ২৯ জনকে আইনের আওতায় আনা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এই ব্লক রেড অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারালয়ে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা