মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে আবুল হোসেন (৫৯) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের ব্যবহৃত কাপড়ের ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের আবু তালেবের ছেলে। স্থানীয়রা জানান, তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন। সোমবার রাতে তিনি ওই বিদ্যালয়ের বারান্দায় ঘুমান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাঁকে সেখানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন নোট ও কয়েনে মোট ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে জমানো এই টাকাগুলো তিনি নিরাপত্তা রক্ষার্থে সবসময় নিজের কাছেই রাখতেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তাঁর স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ এবং উদ্ধারকৃত টাকা পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা