ভুয়া পুলিশ পরিচয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, আদালতে মামলা

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
ভুয়া পুলিশ পরিচয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, আদালতে মামলা

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ মুক্তা বেগম (৪৯)। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুসংকর মল্লিক।

মামলায় অভিযুক্তরা হলেন—আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের আকাশ হাওলাদার (৩৫), উত্তর চাদত্রিশিরা গ্রামের বাবুল খান (৪০) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ৯ আগস্ট বিকেলে আসামি আকাশ নিজেকে ‘পুলিশ’ পরিচয় দিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। পরে ভুক্তভোগীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় অন্য আসামিরা বাইরে পাহারা দেয়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ তদন্তের নামে কালক্ষেপণ করে। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুসংকর মল্লিক জানান, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন