দেশের প্রথম ‘ফ্যাসিবাদমুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণার সিদ্ধান্ত

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
দেশের প্রথম ‘ফ্যাসিবাদমুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণার সিদ্ধান্ত
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: দেশের প্রথম ‘ফ্যাসিবাদমুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) আনুষ্ঠানিক স্বীকৃতি ও ঘোষণার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। এই ঐতিহাসিক অর্জন ও আনন্দ উদ্‌যাপনে ক্যাম্পাসে বর্ণাঢ্য মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বীর সেনানী, ছাত্র-জনতা ও সকল অংশীজনের প্রতি শ্রদ্ধা জানাতে সংগঠনটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) এই আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে এবং আনন্দের মুহূর্তটি ভাগাভাগি করে নিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাধারণ ছাত্র-জনতা, জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংগঠনটির নেতৃস্থানীয় ব্যক্তিরা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শিক্ষার্থীদের আপসহীন অবস্থান ও ত্যাগের ফলেই আজ বিশ্ববিদ্যালয়টি এই অনন্য মর্যাদা লাভ করেছে। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত ক্যাম্পাসকে গণতান্ত্রিক, মুক্তচিন্তার ও নিপীড়নমুক্ত শিক্ষাঙ্গন হিসেবে রূপান্তরের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

মন্তব্য করুন