কারওয়ান বাজার স্থানান্তর: প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
কারওয়ান বাজার স্থানান্তর: প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: কোনো আলোচনা ছাড়াই কারওয়ান বাজার কিচেন মার্কেট স্থানান্তরের লক্ষ্যে উচ্ছেদের মাইকিংকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বর্তমান স্থানেই বিশ্বমানের আধুনিক মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কিচেন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া বলেন, কারওয়ান বাজারের দেড়শ বছরের ঐতিহ্য রয়েছে। আশির দশক থেকে বরাদ্দ নিয়ে প্রায় আড়াই হাজার ব্যবসায়ী সিটি করপোরেশনের নিয়মিত রাজস্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। প্রায় ১০ লাখ মানুষের রুটি-রুজির সাথে জড়িত এই বাজার কোনো পূর্বসূচনা ছাড়াই গাবতলীতে স্থানান্তরের ঘোষণায় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন—প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ, যানজট নিরসনে বাজারের প্রধান ও সংযোগ সড়কগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদ এবং কারওয়ান বাজারের নিজস্ব স্থানেই আধুনিক বহুতল মার্কেট নির্মাণ করে স্থায়ী ব্যবসায়ীদের পুর্নবাসন। দাবি আদায়ে দ্রুতই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে জানান ব্যবসায়ী নেতারা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন