কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ
কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) ঘটনা ঘটেছে। পরবর্তীতে স্থানীয় জনতা তাদের আটকে রেখে আনসার ও পুলিশের সহায়তায় কমলগঞ্জ থানা হেফাজতে সোপর্দ করেন।

গতকাল শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে উপজেলার দেবলছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের বাসিন্দা রানা মোল্লা (২৪), তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের বাসিন্দা ময়না খাতুন (২০)।

স্থানীয় বাসিন্দা ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন কমলগঞ্জ উপজেলার দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকালে আলীনগর ইউনিয়নের দুর্গম বকসি টিলা এলাকায় ওই তিনজনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। সীমান্ত পার হয়ে গ্রামের ভেতর প্রবেশের সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে জিজ্ঞাসাবাদ করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাধ্যমে তাঁদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, “আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। জীবিকার তাগিদে কাজের সন্ধানে কয়েক মাস আগে তাঁরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে বিএসএফের হাতে আটক হওয়ার পর তাঁদের এই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়।”

তিনি আরও জানান, আটককৃতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। স্বজনরা থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন