স্ত্রী-সন্তানের কাছে লাঞ্ছিত সেই জামাল মারা গেছেন
বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আশঙ্কাজনক অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে সখীপুর উপজেলায় নিজ ভাতিজি ইসমত আরার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ২ আগস্ট রাতে সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে। পরদিন স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাতিজির আশ্রয়ে পৌঁছে দেন। নির্মম এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
পরবর্তীতে ৬ আগস্ট স্থানীয়দের আর্থিক সহযোগিতায় তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বাড়ি নিয়ে আসা হয়। অবশেষে সোমবার বিকেলে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন জামাল উদ্দিন। কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরার পর তিনি চলাচলের শক্তি হারিয়ে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, অবহেলায় রাস্তায় ফেলে রেখে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পার হলেও তাঁর স্ত্রী বা সন্তানেরা কোনো খোঁজ নেননি। তবে তাঁর স্ত্রী রিনা আক্তারের দাবি, আড়াই মাস আগেই তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।
এআইএল/সকালবেলা
|