ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তন আনার দাবিতে আমেরিকার ৩০ রাজ্যে মেটার বিচার শুরু
ছোটদের মানসিক স্বাস্থ্যের ক্ষতিসাধন এবং গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে মার্কিন বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট ‘মেটা’ এবার যুক্তরাষ্ট্রের আদালতে বড় ধরনের জুরি ট্রায়ালের সম্মুখীন হতে যাচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে নিশ্চিত করে যে, ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের মোট ৩০টি অঙ্গরাজ্যের যৌথ উদ্যোগে মেটার বিরুদ্ধে এই বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আদালতে উত্থাপিত অভিযোগ ও দাবি:
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে মামলাটির দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হবে। বাদীদের অভিযোগ, মেটা তাদের দুই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু ও অপ্রাপ্তবয়স্ক তরুণদের সুরক্ষায় প্রণীত ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের আইন ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে।
মামলায় মেটার কাছ থেকে ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) মার্কিন ডলারের বেশি জরিমানা দাবি করা হয়েছে। শুধু আর্থিক জরিমানা নয়, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মৌলিক ফিচার এবং কাজের নীতিতে আমূল সংস্কারের জোর দাবি জানানো হয়েছে।
জোটবদ্ধ অঙ্গরাজ্যগুলোর দাবি, ইনস্টাগ্রাম ও ফেসবুকের অ্যালগরিদম এমন কৌশলে ডিজাইন করা হয়েছে, যা ছোটদের প্রলুব্ধ করে ঘণ্টার পর ঘণ্টা অ্যাপে আটকে রাখে এবং প্রযুক্তি আসক্ত করে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যগুলো প্ল্যাটফর্মগুলো থেকে লাইক গণনার অপশন বন্ধ করা, নিরবচ্ছিন্ন ‘ইনফিনিট স্ক্রোল’ উঠিয়ে দেওয়া, ভিডিওর অনাকাঙ্ক্ষিত 'স্বয়ংক্রিয় প্লেব্যাক' স্থগিত করা, অবাস্তব ইমেজ ফিল্টার বাতিল করা, একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করা এবং নির্দিষ্ট সময় পর হারিয়ে যাওয়া কনটেন্ট (যেমন: ইনস্টাগ্রাম স্টোরিজ) বন্ধ করার নির্দেশ চেয়েছে। একই সাথে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টের অভিভাবকত্ব যাচাইকরণ ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।
মেটার প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ প্রভাব:
শুরু থেকেই মেটা তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ খণ্ডন করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, "মেটা দীর্ঘদিন ধরে কিশোর-কিশোরী ও তরুণ ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপদ অভিজ্ঞতা প্রদানে গুরুত্ব দিয়ে কাজ করছে। আদালতের বিচারিক প্রক্রিয়াতেই মেটা তাদের অবস্থান প্রমাণ করবে।"
উল্লেখ্য, সম্প্রতি নিউ মেক্সিকোর একটি আদালত জনস্বার্থের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ৩০টি অঙ্গরাজ্যের এই যৌথ মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে তো বটেই, বিশ্বজুড়েই ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা ও ফিচারে বড় ধরনের স্থায়ী ও বৈপ্লবিক পরিবর্তন আসবে।
|