ঈশ্বরগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ণ
ঈশ্বরগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও নিষিদ্ধ সংগঠনের ব্যানারে খাদ্য বিতরণের অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিফাত জাহান নামের এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে পৌর শহরের শিমুলতলী এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রিফাত জাহান ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শিমুলতলী এলাকায় নিজ বাসায় খাদ্য বিতরণের আয়োজন করেন রিফাত জাহান। পরবর্তীতে সেই আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রাজনৈতিক বক্তব্য সংবলিত পোস্ট দেন তিনি। পোস্টটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন