ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের ১৮০ দিনের অর্জন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের বিগত ছয় মাসে (১৮০ দিনে) দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের শতভাগ প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে পুরোপুরি সুসংহত করতে আরও কিছুটা সময় প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদনসংক্রান্ত কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকেও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হয়।

আইনশৃঙ্খলা ও ১৮০ দিনের সাফল্য:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমাদের দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হলো। এই অল্প সময়ে আমরা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছি। বিগত ১৮০ দিনে সরকার কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।"

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার ওপর ভিত্তি করেই এই ১৮০ দিনে একগুচ্ছ জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষমতাগ্রহণের পরপরই মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট দেখা দিলেও সরকার অভ্যন্তরীণ বাজারে সাথে সাথে দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের সুবিধা দিতে প্রায় এক মাস মূল্যবৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের টেকসই পরিকল্পনা:

পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া জ্বালানিসংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহেশখালীর মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন এবং একাধিক নতুন ভাসমান এফএসআরইউ টার্মিনাল স্থাপনের লক্ষ্যে বর্তমানে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে নতুন নতুন অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করা হয়েছে।

কৃষি ও সামাজিক সুরক্ষা:

সরকারের সামাজিক কল্যাণমূলক সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঐতিহাসিক প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া অসচ্ছলদের ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব ও ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানীর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়তা দিয়ে বলেন, সরকারের যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে বর্তমানে দেশে খাদ্যের একটি মজবুত ও সুরক্ষিত রিজার্ভ গড়ে তোলা সম্ভব হয়েছে। শীঘ্রই সকল মন্ত্রণালয়ের যৌথ অগ্রগতির তথ্য প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে জাতির সামনে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন