জামায়াতের হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকারের বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠন।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় যশোর শহরে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের জেলা, পৌর ও সদর উপজেলার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জেলা ও শহরের প্রধান প্রধান সড়কে মশাল হাতে বিক্ষোভ মিছিল পরিচালনা করা হয়। পরে এক সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক ভিন্নমতের কারণে হামলা কিংবা সহিংসতা গ্রহণযোগ্য নয়। কুষ্টিয়ায় নেতাকর্মীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
সমাবেশ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—কুষ্টিয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, আহত নেতাকর্মীদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং সর্বস্তরে রাজনৈতিক সহাবস্থান বজায় রাখা।
বিক্ষোভ ও মশাল মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ যশোর পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ এম আহসান বিপ্লব, সদর উপজেলার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম রুবেল, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জেএম রাজু, যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবির মুরাদ, সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি প্রমুখ।
এআইএল/সকালবেলা
|