সরাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সরাইল থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া গাঁজা এবং ২৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে শাহবাজপুর সেকেন্ড গেইট থেকে ২০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪৫), শাহবাজপুর থেকে ১২ পিস ইয়াবাসহ আব্দুল মতিন (৫৫) এবং কুট্টাপাড়া তিন রাস্তার মোড় থেকে ১৫ পিস ইয়াবাসহ মোঃ সোহেল (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ভূইশ্বর বাজার থেকে ৩ পুরিয়া গাঁজাসহ মোঃ রবিউল (৩২) ও সাকিব হোসেন (৩৫); গুনারা এলাকা থেকে ২৫০ মিলিলিটার চোলাই মদসহ শাহজাহান মিয়া (৪৫) এবং দক্ষিণ আরিফাইল এলাকা থেকে ৫ পুরিয়া গাঁজাসহ তাজু মিয়া (২৫), আলমগীর হোসেন (৪৮) ও ইকবাল হোসেন (৫০)-কে গ্রেপ্তার করে পুলিশ।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|