শ্যামনগরে জরাজীর্ণ ভবনে চলছে দুটি ইউনিয়নের ভূমি সেবা
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনে চরম ঝুঁকি ও ভোগান্তির মধ্য দিয়েই চলছে কৈখালী ও রমজাননগর—এই দুই ইউনিয়নের ভূমি সেবা কার্যক্রম। চার দশকের পুরোনো ভবনটি যেকোনো মুহূর্তে ধসে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও প্রতিদিন সেখানেই সেবা নিচ্ছেন শত শত মানুষ।
সরেজমিনে দেখা যায়, ভবনটির দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, দরজা-জানালা ভেঙে গেছে এবং ইটের গাথুনিতে ফাটল ধরেছে। বর্ষা মৌসুমে চাল চুইয়ে পানি পড়ায় বহু বছরের পুরোনো গুরুত্বপূর্ণ বালাম বই, নথিপত্র এবং কম্পিউটারসহ সরকারি সরঞ্জাম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বর্ষায় অফিসের চারপাশ পানিতে তলিয়ে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয় প্রবীণ বাসিন্দা মোজাহার হোসেন ও শ্যামনগর আতরজান মহিলা কলেজের প্রভাষক মো: ওমর ফারুক জানান, ১৯৮৩-৮৪ সালের দিকে নির্মিত এই জরাজীর্ণ ঘরে আতঙ্কের মধ্যে সেবা নিতে হয়। প্রতিবছর এ অফিস থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও নতুন ভবনের অভাবে প্রাচীন নথিপত্র নষ্টের ঝুঁকিতে রয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমি বিরোধের কারণ হতে পারে।
৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: আব্দুল হামিদ লাল্টু দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। কৈখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: রেজাউল ইসলাম জানান, ইউএনও অফিসের বরাদ্দের টিন দিয়ে আংশিক সংস্কার করা হলেও নতুন ভবন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম, আব্দুস সামাদ জানান, কৈখালী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের অনুমোদন সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।
এআইএল/সকালবেলা
|