যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তীব্র গরমের হাত থেকে বাঁচতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো—রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশে চলমান তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে তিন শিশু একসঙ্গে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ইস্রাফিল ও ওসমান গনি নদীর প্রবল স্রোতের তোড়ে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর শিশুটি দ্রুত ডাঙায় উঠে এসে বিষয়টি স্বজন ও স্থানীয় লোকজনকে জানায়। খবর পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলে তাদের উদ্ধারকারী দল ও বিশেষ ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে যৌথ উদ্ধার অভিযান শুরু করে।
এদিকে দুই শিশুর নিখোঁজের ঘটনায় পুরো রাধানগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। যমুনা নদীর তীরে নিখোঁজ শিশুদের স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
|