রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামের এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত সানজিদা ভীমপুর এলাকার সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সানজিদা। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর রাত পর্যন্ত আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

শনিবার সকালে স্থানীয় কৃষক ও পথচারীরা পাটক্ষেতে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি সানজিদার বলে শনাক্ত করেন।

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সানজিদা শান্ত ও ভদ্র স্বভাবের শিশু ছিল। তার এমন মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন