ফেনীতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ মজনু এমপির
ফেনী প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
তিনি বলেছেন, “প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়। সরকার কোনো অসহায় পরিবারকে একা ফেলে রাখবে না; ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে আমাদের এ ধরনের সরকারি সহায়তা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।” এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আজ রোববার (২৬ জুলাই) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে সরকারিভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, “কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম ছাড়া স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুস্থ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
চেক বিতরণ পর্ব শেষে সকাল সাড়ে ১১টায় একই স্থানে স্থানীয়দের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারহানা পৃথার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে সংসদ সদস্য উপজেলার পশ্চিম পাঠাননগর কেবি হায়দার সড়ক থেকে ভূঁইয়া বাড়ী সড়ক, উত্তর যশপুর-জয়নগর সড়ক এবং উত্তর সতর খোয়াজ হামিদ বরু সড়কসহ বেশ কয়েকটি অবকাঠামোগত উন্নয়নকাজের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ছাগলনাইয়ার সাধারণ জনগণের সঙ্গে খোলামেলা মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন।
|