কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মো. শান্তু মিয়া (৬৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে কটিয়াদী পৌর এলাকার চড়িয়াকোনা কাঠমহাল-সংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তু মিয়া কটিয়াদী পৌর এলাকার পশ্চিম চড়িয়াকোনা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শান্তু মিয়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাঁকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক জখম হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, চড়িয়াকোনা কাঠমহাল এলাকার এই আঞ্চলিক সড়কটি দিন দিন দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। প্রায়ই এখানে বেপরোয়া গতির কারণে হতাহতের ঘটনা ঘটছে। সড়কে গতি নিয়ন্ত্রণ, হাইওয়ে পুলিশের নিয়মিত নজরদারি ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|