গৃহবধূকে জিম্মি করে ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
গৃহবধূকে জিম্মি করে ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শাহিন আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 

সোমবার (৬ জুলাই) উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শাহিন আলী শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডের শুক্কুর আলীর ছেলে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শাহিন আলী নিজের বাসায় বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতেন এবং ভুক্তভোগী গৃহবধূ তাঁর নিয়মিত গ্রাহক ছিলেন। চলতি বছরের ১১ জানুয়ারি ওই গৃহবধূ শাহিনের কাছ থেকে এক জোড়া জুতা কেনেন। জুতাটি ছোট হওয়ায় তা পরিবর্তন করতে ওই দিনই তিনি শাহিনের বাসায় যান। সে সময় বাসায় কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক গৃহবধূর ওপর নির্যাতন চালান এবং গোপনে মোবাইলে তার ভিডিও ধারণ করেন।

পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে দীর্ঘদিন ধরে জিম্মি করে অনৈতিক কাজ করতে বাধ্য করেন শাহিন। একপর্যায়ে ভুক্তভোগী ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে শাহিন তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

র‍্যাব আরও জানায়, লোকলজ্জার ভয়ে ও চাপের মুখে পড়ে ভুক্তভোগী গৃহবধূ শাহিনকে প্রথমে ৫০ হাজার টাকা দেন। কিন্তু শাহিন বাকি টাকার জন্য পুনরায় তাঁকে চাপ দিতে থাকেন। এবার টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিন ক্ষিপ্ত হয়ে আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত শাহিন আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন