আ: লীগ নেতার কার্যালয় থেকে অস্ত্র-মদ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
আ: লীগ নেতার কার্যালয় থেকে অস্ত্র-মদ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে এই অভিযান চালানো হয়। 

অভিযুক্ত কামরুল হাসান মনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়টি অবস্থিত। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় কার্যালয়টি বন্ধ থাকায় স্থানীয় এক তালা মিস্ত্রিকে ডেকে এনে দুটি কক্ষের তালা ভাঙা হয়।

এরপর ভেতরে তল্লাশি চালিয়ে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ এবং কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় তৈরি বন্দুক, চার রাউন্ড তাজা গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতেই এই পুরো উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। কার্যালয়টি থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন