বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চিকিৎসকের কাছে যাওয়ার পথে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবা নাজমুল ইসলাম (৩৪)। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৬টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট পাঁচপীর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের ফাহিমা আক্তার (২৮) ও তাঁর ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাহারোলের নিজ বাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন নাজমুল ইসলাম। পথে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির পিকআপ তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়লে পিকআপটি তাঁদের পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ফাহিমা ও শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত নাজমুলকে উদ্ধার করে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে বীরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘাতক পিকআপটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন