নেত্রকোনায় ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ণ
নেত্রকোনায় ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩০ বোতল ভারতীয় অবৈধ মদসহ মো. নয়ন মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চকলেঙ্গুড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন মিয়া ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, উদ্ধার করা অবৈধ মদের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ২০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চকলেঙ্গুড়া গ্রামের নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নয়নকে আটক করা হয়। পরে তাঁর ঘর তল্লাশি করে খাটের নিচে রাখা ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের উৎস ও চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন