গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

সাঈদ পান্থ, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী তাজবী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামের এক মোটরসাইকেল চালক মারা যান। নিহত বাবু আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। এ দুর্ঘটনায় তাঁর সাথে থাকা আরোহী আসাদুল ইসলাম (৩১) গুরুতর আহত হলে তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গৌরনদীর কটকস্থল এলাকায় মোটরসাইকেল খাদে পড়ে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে অপর এক চালক নিহত হন। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির ছোট ভাই।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালের দুর্ঘটনায় জড়িত পরিবহন ও মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হলেও রাতের ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং দুই ঘটনাতেই আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন