মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, শহরের টিবি হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে একটি খাদ্যপণ্যের ডিলার প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ শেষের পথে থাকা আটা, ময়দা ও তেলের প্যাকেটের মূল সিল ঘষে তুলে নতুন নকল সিল লাগিয়ে বাজারে বিক্রির প্রমাণ মেলে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ কারচুপি করা ১২৭ প্যাকেট আটা-ময়দা ও নকল সিল জব্দ করে ধ্বংস করা হয়। অন্যদিকে, শহরের কুসুমবাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হকের নেতৃত্বে অপর অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইনে অন্য একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এআইএল/সকালবেলা