টুঙ্গিপাড়ায় ছাত্রী হয়রানির অভিযোগে শিক্ষককে অব্যাহতি
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গঠিত এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।
অব্যাহতি পাওয়া শিক্ষকের নাম ফারুকুজ্জামান ফারুক। তিনি টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। গঠিত তদন্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে এবং অন্য সদস্যরা হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানম।
ইউএনও দিদারুল আলম জানান, প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং তদন্ত নিরপেক্ষ করতে অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে বিরত রেখে কর্মবিরতিতে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হবে এবং অধিদপ্তর থেকে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা