গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ককটেলসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ককটেলসহ দুইজন গ্রেপ্তার

সকালবেলা প্রতিবেদক: রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পাঁচটি তাজা ককটেলসহ আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুই কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা চালান।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থল থেকেই ককটেলসহ ওই দুজনকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন