ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর: ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্থাপিত ময়লার ডাস্টবিনকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার কারণে এলাকাটি এখন কার্যত একটি উন্মুক্ত ভাগাড়ের রূপ নিয়েছে। এতে পথচারী, স্কুলগামী শিশু, রোগী ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার না করায় সেখানে জমে থাকা পচা ময়লা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে আশপাশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য এই পরিবেশ অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠেছে।
স্কুলপড়ুয়া শিশুদের অভিভাবকরা চরম উদ্বেগের কথা জানিয়েছেন। প্রতিদিন এই দুর্গন্ধের মধ্য দিয়েই কোমলমতি শিশুদের যাতায়াত করতে হচ্ছে, যা তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।
স্থানীয় নাগরিক কমিটির নেতা মুন্সী লিমন জানান, জমে থাকা ময়লার কারণে এলাকায় মশা ও মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে ডেঙ্গু, ডায়রিয়া ও টাইফয়েডসহ নানা পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে ওই পথ দিয়ে যাতায়াত করা কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলেও তিনি দাবি করেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, তীব্র দুর্গন্ধের কারণে ক্রেতারা দোকানে আসতে চান না, ফলে তাদের ব্যবসায় ধস নেমেছে। একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সমাধান না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে এলাকাবাসী অবিলম্বে এই ডাস্টবিনটি জনবহুল এলাকা থেকে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সচেতন মহল।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ