দুই সন্তানসহ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

দুই সন্তানসহ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ওপর অভিমান করে দুই শিশু সন্তানসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন পাখি খাতুন (১৮) নামে এক গৃহবধূ। 

বুধবার (৮ এপ্রিল) সকালে শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় মা ও দুই শিশুকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষপান করা শিশুরা হলো— মুস্তাকিম (৮) ও মাহিম (৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের মানিক চাঁদের সাথে পাখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। পারিবারিক কলহের জেরে বাবার বাড়িতে অবস্থানকালীন বুধবার সকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করেন এবং পরে তার দুই শিশু সন্তানকেও তা পান করান। একপর্যায়ে তারা যন্ত্রণায় চিৎকার শুরু করলে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুরে মা ও দুই শিশুকে গুরুতর অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। মুস্তাকিম নামে ৮ বছরের শিশুটির পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা হলেও সবারই শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে তিনজনই সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন