কালকিনিতে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পরিবার পরিকল্পনা সেবা ও নিমগাছ রোপণ

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
কালকিনিতে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পরিবার পরিকল্পনা সেবা ও নিমগাছ রোপণ
কালকিনিতে শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সেবা কার্যক্রম শেষে নিমগাছের চারা রোপণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা (ফাইল ছবি)।

বি.এম. হানিফ, কালকিনি ও ডাসার প্রতিনিধি: সরকারি ও জনসেবাগুলো কোনো প্রকার ভোগান্তি ছাড়া সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী একটি বিশেষ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী আয়োজিত এই সেবা ক্যাম্পে অত্র ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত নারী ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, পরামর্শ এবং প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা উপকরণ গ্রহণ করেন। দুর্গম ও ইউনিয়ন পর্যায়ে এমন নাগরিক ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে দোরগোড়ায় পেয়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সেবাগ্রহীতারা।

ক্যাম্পটি অত্যন্ত দক্ষতা ও শৃঙ্খলার সাথে পরিচালনা করেন শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্রাবণী রাণী। এ সময় পুরো সেবা প্রদান কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন এবং সার্বিক সহযোগিতা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফয়সাল আহমেদসহ অত্র ইউনিয়নের নিয়োজিত অন্যান্য পরিবার কল্যাণ সহকারীগণ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সুনির্দিষ্ট উদ্ভাবনী দিকনির্দেশনা ও রুটিন তদারকিতে এই বিশেষ সেবা কার্যক্রম অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে দিনব্যাপী সফলভাবে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম শেষ হওয়ার পর একটি সুন্দরের বার্তা নিয়ে ভিন্নধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ সুরক্ষা, সৌন্দর্যবর্ধন এবং গ্রামীণ জনপদে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে একটি করে ঔষধি নিমগাছের চারা রোপণ করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্রাবণী রাণী।

এ বিষয়ে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান গণমাধ্যমকে জানান, “সমাজের একদম প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল ও পবিত্র লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা দেওয়াই নয়, বরং স্বাস্থ্যকেন্দ্রের চারপাশের পরিবেশ সুরক্ষা এবং জনমনে সবুজায়নের ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই ব্যতিক্রমী নিমগাছ রোপণ কর্মসূচি।” কালকিনি ও ডাসার উপজেলাজুড়ে পরিবার পরিকল্পনা বিভাগের এমন জনমুখী ও সেবামূলক কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতনমহল গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন