কোটালীপাড়ায় ইউপি সদস্য রামানন্দ বৈদ্য গ্রেপ্তার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় রামানন্দ বৈদ্য (৪০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর হাজরাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রামানন্দ বৈদ্য উত্তর হাজরাবাড়ী গ্রামের জুগেশ চন্দ্র বৈদ্যের ছেলে। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার ঘোষ জানান, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে একটি সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় সড়কে গাছ ফেলে বিশৃঙ্খলা ও বিক্ষোভের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
তিনি আরও জানান, ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মঙ্গলবার ভোরে রামানন্দ বৈদ্যকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা