ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. মহসিন মিয়া (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় ওই মাদক ব্যবসায়ীর নিজ বসতঘরে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের রমজান মিয়ার ছেলে মহসিন মিয়ার বসতঘর তল্লাশি করে ৫ কেজি গাঁজা ও গাঁজার গুঁড়া উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ বিধি অনুসরণ করে উদ্ধারকৃত সমস্ত মাদকদ্রব্য জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি কঠোরভাবে বজায় রেখেছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।