লিখিত পরীক্ষায় পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসার আহ্বান এমপি ফজলুরের

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
লিখিত পরীক্ষায় পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসার আহ্বান এমপি ফজলুরের
ইটনার জনসভায় বক্তব্য রাখছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রশাসনিক ও দাপ্তরিক সহায়তার আশ্বাস দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আমাদের এই এলাকার কত মেধাবী ছেলে আছে, যারা সরকারি চাকরির লিখিত বা রিটেনে পাস করার পরও ভাইভায় বাদ পড়ে যায় এবং চাকরি পায় না। আপনারা রিটেনে পাস করার সঙ্গে সঙ্গেই অ্যাডমিট কার্ডটি আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করা দরকার বা সুপারিশ করা দরকার, করে দেব।”

গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সহায়তার জন্য তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

জনসভায় এলাকার আইনশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে জোর দিয়ে এমপি ফজলুর রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমার নির্দিষ্ট কিছু সামাজিক ও মানবিক কাজ রয়েছে। এর মধ্যে আমার এলাকায় আসন্ন দুর্গাপূজার মণ্ডপগুলোতে বাড়তি কোনো সরকারি পুলিশ লাগবে না; আমাদের এলাকার জনগণই যথেষ্ট, আমরা নিজেরাই সংখ্যালঘু ভাইবোনদের পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব।”

অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি আরও বলেন, “কিছু মানুষ সমাজে খুব অসহায় অবস্থায় থাকেন। নিজে বা তাঁদের স্ত্রী-সন্তান গুরুতর অসুস্থ হলে আমাকে জানাবেন। আমি তাদের ঢাকায় নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করব, যাতে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ চিকিৎসাসেবা পাওয়া যায়। তবে কেউ যদি কোনো নেতার মাধ্যমে আমার কাছে টাকা দিয়ে সুপারিশ নিয়ে আসেন এবং তা যদি প্রমাণিত হয়, তবে আমি জীবনেও তার কোনো কাজ করব না।”

উক্ত জনসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন