জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস বিকল হওয়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে বন্ধ ট্রেন চলাচল (ফাইল ছবি)।

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগির কয়েল স্প্রিং বডি ভেঙে চলন্ত অবস্থায় বিকল হয়ে পড়েছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে পুরানাপুল রেলগেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল অতিক্রম করার সময় হঠাৎ বগির একটি কয়েল স্প্রিং ভেঙে যায়। চালক দ্রুত বিষয়টি টের পেয়ে জরুরি ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দেন। এতে চলন্ত ট্রেনটি বড় ধরনের লাইনচ্যুতি ও দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন জানান, “ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহীর দিকে স্বাভাবিক গতিতেই যাচ্ছিল। চলন্ত অবস্থায় ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যাওয়ার ঘটনাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তাৎক্ষণিকভাবে ট্রেন থামানো সম্ভব না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। ঘটনার পরপরই সুরক্ষার স্বার্থে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।”

হঠাৎ এই যান্ত্রিক ত্রুটির কারণে পার্বতীপুর-সান্তাহার রেল সেকশনের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন আটকা পড়েছে। ফলে চরম গরম ও দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ ট্রেনযাত্রীরা।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রফিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন বিকল হয়ে লাইন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লাইন ক্লিয়ার ও উদ্ধারকাজের জন্য ইতিমধ্যে পার্বতীপুর ও সান্তাহার জংশন থেকে রিলিফ ট্রেনের জন্য বার্তা পাঠানো হয় এবং একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি মেরামত সম্পন্ন করার পর এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন