সাজেকে আবার সড়ক অবরোধের ডাক, পর্যটকদের ফিরে যাওয়ার অনুরোধ

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
সাজেকে আবার সড়ক অবরোধের ডাক, পর্যটকদের ফিরে যাওয়ার অনুরোধ

সকালবেলা অনলাইন: তিন দফা দাবি আদায় না হওয়া এবং প্রশাসনের আশ্বাসের সঠিক বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচির ডাক দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এ কথা জানান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবরোধ বলবৎ থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গাপূজা ও স্থানীয় পূজা উদযাপন কমিটির আবেদনের প্রেক্ষিতে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত তাঁদের আগের কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে এই নির্ধারিত সময়ের মধ্যেও প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর থেকে পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছিল সংগঠন দুটি। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে শর্তসাপেক্ষে কর্মসূচি স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর পুনরায় অবরোধ পালন করা হয়।

যৌথ বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো সাজেক এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এর ফলে শতাধিক গ্রামবাসী বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছেন এবং জুমচাষীরা নিরাপত্তার অভাবে জমিতে যেতে পারছেন না।

এমতাবস্থায়, সাজেকে বর্তমানে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। তবে অবরোধ চলাকালীন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ ও সংবাদপত্র বহনকারী যান এবং গণমাধ্যমকর্মীদের গাড়ি আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা