হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
বিশেষ প্রতিনিধি: “হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর আসবেন না”—বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এ কথা পাগলেও বিশ্বাস করে না। একই সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও বিশেষ তত্ত্ব অনুসরণ করে তারা সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তারা অভ্যস্ত নন এবং সংসদে কিংবা মাঠে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।
তিনি আরও বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে ন্যূনতম সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।
আওয়ামী আমলের বিরোধী দলীয় নেতাদের বক্তৃতা অনুকরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেন তিনি। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবেন’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার প্রস্তুত রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের ফাঁকা বুলিতে নিজেদের হাসির পাত্র না করার জন্য জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানান রাশেদ খাঁন।
বিএনপির রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হবে। বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম রুনু, সাবেক ছাত্রনেতা লুৎফুজ্জামান লেন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, সাবেক কৃষকদল আহ্বায়ক মোকসুদুল মোমিন এবং যুবদল নেতা সাইফুজ্জামান স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা