ভালুকায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ২

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
ভালুকায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ২

জাকির হোসাইন রাজু (ভালুকা, ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর সহযোগীদের অতর্কিত হামলায় এক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে আসামি আব্দুল কদ্দুসের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম এবং কনস্টেবল বাকিরুল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুস নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা মডেল থানার একটি বিশেষ দল সজনগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করলে কদ্দুসের স্বজন ও সঙ্গীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এএসআই রাহিদুল ও কনস্টেবল বাকিরুল আহত হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার (২১ অক্টোবর) সকালে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আসামি কদ্দুসসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা