দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আব্দুল জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান থানার মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকচ করে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া রিমান্ড আবেদনে উল্লেখ করেন, দিলীপ কুমার আগরওয়ালা কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। মামলার অন্যান্য আসামির সঙ্গে তিনি ঘটনাস্থলে সশরীরে উপস্থিত থেকে এই অপরাধে অংশ নেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল জব্বার। দীর্ঘ চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে দায়ের করা ওই মামলায় দিলীপ কুমার আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র্যাব তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন নিয়ে ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারামুক্ত হন। এরপর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী এলাকা থেকে সিআইডি তাকে মানি লন্ডারিং মামলায় পুনরায় গ্রেপ্তার করে। সেই মামলায় রিমান্ড শেষে আজ তাকে জুলাই হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করা হলো।
এআইএল/সকালবেলা