কাল খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
কাল খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: সুন্দরবন ও মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনা সরেজমিনে খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক সাধারণ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এই অঞ্চলে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর হেলিকপ্টারে আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের বনাঞ্চল পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। পর্যবেক্ষণ শেষে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। নলিয়ান থেকে কোস্ট গার্ডের বিশেষ স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হয়ে সেখানে প্রস্তাবিত এলএনজি টার্মিনালের স্থাপনা ও সম্ভাবনা খতিয়ে দেখবেন তিনি।

পরবর্তীতে নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত পর্যালোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত বেজা (BEZA) বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরের ব্যবহার বাড়ানো, নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর এই আগমন সরকারি সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে কোনো রাজনৈতিক কর্মসূচির আয়োজন রাখা হয়নি। তবে দীর্ঘ দিন পর সরকারপ্রধানের সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উৎসাহের সৃষ্টি হয়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিস্তারিত নিশ্চিত করে জানিয়েছেন, নিরাপত্তাসহ প্রধানমন্ত্রীর চলাচলের সব পথ ও নলিয়ান স্কুল মাঠ এলাকা পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে খুলনা প্রশাসন সূত্রে জানা গেছে, এই সফরের দুই সপ্তাহ পর আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় আসবেন প্রধানমন্ত্রী। ওই দিন খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সকালবেলা / নুসরাত