ইরানকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য দেয়নি রাশিয়া

ইরানকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য দেয়নি রাশিয়া

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সংক্রান্ত কোনো গোয়েন্দা তথ্য শেয়ার করেনি বলে জানিয়েছে রাশিয়া। বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, সোমবার ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, তারা যুক্তরাষ্ট্রের সেনা, জাহাজ বা বিমান কোথায় অবস্থান করছে—এ ধরনের তথ্য ইরানকে দেয়নি।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সেনা, জাহাজ ও বিমান চলাচলের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য দিচ্ছে।

মঙ্গলবার সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, 'গতকাল প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে রাশিয়ানরা বলেছে তারা কোনো তথ্য শেয়ার করেনি।'

তিনি আরও বলেন, সোমবারই তিনি ও জেরাড কুশনার আলাদাভাবে রুশ কর্মকর্তা ইউরি উসাকভের সঙ্গে কথা বলেন। সেখানেও একই বার্তা দেয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প ও উইটকফ রাশিয়াকে বার্তা দিয়েছেন—যদি এমন কিছু হয়ে থাকে, তবে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না এবং তারা আশা করছেন এমনটি ঘটছে না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন