সরকারি সুবিধা পেতে এখন কাউকে ঘুষ দিতে হয় না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
সরকারি সুবিধা পেতে এখন কাউকে ঘুষ দিতে হয় না: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি; দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই আমরা।’

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ করার পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হবে, যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।’ এছাড়া চিকিৎসা খাতের উন্নয়নে বড় পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘চায়নার সহযোগিতায় আমরা তিন হাজার বেডের দু’টি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি, যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন