গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছর মেয়াদি ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বনবিভাগ, গোপালগঞ্জের যৌথ আয়োজনে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ণাঢ্য আয়োজনে এই সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ জেলা মেডিকেল কলেজ মাঠ প্রাঙ্গণ, জেলা প্রশাসন স্কুল মাঠ প্রাঙ্গণ এবং নার্সিং ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে পৃথকভাবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কে.এম. বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. আরিফ-উজ-জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে একটি সুস্থ-সবুজ পরিবেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী সবুজায়ন আন্দোলনকে সফল করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত সাধ্যমতো গাছের চারা রোপণ এবং রোপণকৃত বৃক্ষের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে জেলা প্রশাসন ও বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বনবিভাগের পক্ষ থেকে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে চারা রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

পিসিবি/সকালবেলা

মন্তব্য করুন