ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
অনলাইন ডেস্ক: ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান সহ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
ভারতের প্রতিরক্ষা দফতরের এক সরকারি ঘোষণায় শনিবার (১৩ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই দিন অবসরে যাবেন এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ প্রায় চার দশকের সামরিক ক্যারিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড ও অপারেশনাল দায়িত্ব পালন করেছেন।
তাঁর নেতৃত্বে একটি সাঁজোয়া রেজিমেন্ট, সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু–কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানের বিশেষ বাহিনী পরিচালিত হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কর্পস’-এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি দিল্লির জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম কমান্ডের নেতৃত্ব দেন। সামরিক আধুনিকায়ন ও কৌশলগত রূপান্তরে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে।
|