রায়পুরে মারামারি মীমাংসা করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

রায়পুরে মারামারি মীমাংসা করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

মেহেদী মাছুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালকের মারামারি মীমাংসা করতে গিয়ে ঘাতক চালকের আঘাতেই বিল্লাল হোসেন মিশরী নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর পৌর শহরের মেইন রোডে সাবরেজিস্ট্রি মসজিদের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মিশরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলম বায়াতির ছেলে অটোরিকশা চালক আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরমান ওই বৃদ্ধের ওপর চড়াও হলে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান বিল্লাল হোসেন মিশরী। এতে আরমান ক্ষিপ্ত হয়ে বিল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। প্রচণ্ড আঘাতে বিল্লাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও যুবদলের নেতা-কর্মীরা রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় তারা ঘাতক আরমানকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আরমানকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।"

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন