ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পবিত্র মাহে রমজানে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের আমিষের চাহিদা পূরণে সিরাজগঞ্জে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা ও সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরগুলোতে এই বিশেষ বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে সুলভ মূল্যে পণ্য বিক্রিকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম আনোয়ারুল হক, জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা, ভেটেরিনারি অফিসার ডা. তাপস কান্তি দত্ত এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আবু হানিফ প্রমুখ।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, রমজানের আগের দিন থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত। মোট ২৬ দিন ব্যাপী এই কর্মসূচিতে নির্ধারিত মূল্যে পণ্য পাচ্ছেন সাধারণ ভোক্তারা। পণ্যগুলোর বিক্রয়মূল্য হলো:
গরুর মাংস: প্রতি কেজি ৬৫০ টাকা।
তরল দুধ: প্রতি লিটার ৮০ টাকা।
ডিম: প্রতি পিস ৮ টাকা।
সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর ও কাজিপুরসহ জেলার সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই সুলভ মূল্যের বাজার বসানো হয়েছে। বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সুলভ মূল্যে মানসম্মত পণ্য পেয়ে খুশি স্থানীয় শ্রমজীবী ও দুস্থ পরিবারগুলো।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ