ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবার এবং আহত ৫৬ জনের মাঝে মোট ৩ কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে সরকার। এর মধ্যে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ৩ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, সাইফুর রহমান ও নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার সজীব সরকার ও সোহাগ হুসাইন।

আর্থিক সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে সংসার চালাতে তাঁর অনেক কষ্ট হচ্ছিল; সরকারের দেওয়া এই অর্থ পরিবারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

অন্যদিকে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা হারিয়ে তাঁরা পরিবার নিয়ে চরম সংকটে ছিলেন। সরকারের এই সহায়তা তাঁদের অনেক উপকারে আসবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবন মুহূর্তেই বদলে দেয়। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো আর্থিক সংকটের পাশাপাশি সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের জীবনও কঠিন হয়ে ওঠে; সরকারের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকট মোকাবিলা, পুনর্বাসন এবং নতুন করে জীবন শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এআইএল/সকালবেলা