সাঈদ খোকন ফের পাঁচ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যা মামলায় গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুরে গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হকের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন পুলিশি পাহারায় সাঈদ খোকনকে আদালতে তোলা হয়। শুনানিতে রিমান্ড বাতিল চেয়ে তাঁর পক্ষে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন জবাব দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থানের বিষয়ে কোনো সদুত্তর দেননি। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন; সেসব তথ্য যাচাই-বাছাই, মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাঁকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) এবং পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়; এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।